ক্রিসেন্ট হাসপাতালে চিকিত্সক ছাড়াই অপারেশন!

চিকিত্সক ছাড়াই অনভিজ্ঞ স্টাফ দিয়ে রাজধানীর উত্তরায় ক্রিসেন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে দীর্ঘদিন ধরেই অস্ত্রোপচার করা হচ্ছিল। বিষয়টি এতদিন গোপন থাকলেও সম্প্রতি এক নবজাতকের মৃত্যুর ঘটনার পর বিষয়টি চাউর হয়ে যায়। পরিবারটি র্যাবের কাছে অভিযোগ করলে বিষয়টি তদন্তে মাঠে নেমে ঘটনার সত্যতা পায় র্যাব। পরে বুধবার রাতে রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৫ নম্বর সড়কে অবস্থিত হাসপাতালটিতে অভিযান চালায় র্যাব-৩-এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় চিকিত্সক ছাড়া অস্ত্রোপচারের বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। এছাড়া প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অনিয়মের কারণে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বদানকারী র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, ক্রিসেন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চিকিত্সক ছাড়াই এক প্রসূতির অস্ত্রোপচার করে। এর ফলে এক নবজাতক মারাও যায়। এছাড়া মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট দিয়ে বিভিন্ন পরীক্ষা করেছিল প্রতিষ্ঠানটি। এই অপরাধে প্রথমে ক্রিসেন্ট ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এর বাইরে প্রতিষ্ঠানটির ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ পাওয়া গেছে। এমনকি কোনো ফার্মাসিস্ট পাওয়া যায়নি। এ অপরাধে আরো ৭ লাখ টাকা জরিমানা করা হয়। এদিকে মৃত নবজাতকের পরিবারকে নিয়মিত মামলা দায়েরের পরামর্শ দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।

নকল বৈদ্যুতিক তার জব্দ, ১২ জনকে সাজা

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় আজিজ ক্যাবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় বুধবার রাতে অভিযান চালিয়েছে র্যাব-১০-এর ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। এ কাজে জড়িত থাকায় ১২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়ার পাশাপাশি ৪২ লাখ টাকা জরিমানা করে আদালত। সেই সঙ্গে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ নকল বৈদ্যুতিক তার।