ঢাকা-১৮ নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে বৈঠক

বিএনপি প্রার্থী ভয়ভীতি দেখাচ্ছে -------------আওয়ামী লীগ

ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে বিএনপি অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিএনপি প্রার্থী ভয়-ভীতি দেখাচ্ছে ও হুমকি দিচ্ছে এমন অভিযোগ এনেছে দলটি। এ বিষয়ে নির্বাচন কমিশনে (ইসিতে) অভিযোগ দিয়ে আওয়ামী লীগের প্রতিনিধি দল জানায়, বিএনপি নির্বাচনে জিততে বা প্রতিদ্বন্দ্বিতা করতে নয়, বরং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অংশ নেয়। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পদক্ষেপ নিতে ইসিকে আহ্বান জানিয়েছেন দলটির প্রতিনিধিরা। গতকাল বৃহস্পতিবার বিকালে নির্বাচন ভবনে ইসির সঙ্গে সাক্ষাত্ করে এ আহ্বান জানিয়েছেন তারা।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাত্ করেন। এ সময় অন্য দুই নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।  

এক ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠক শেষে আব্দুর রহমান বলেন, ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছেন। বাইরে থেকে লোকজন নির্বাচনি এলাকায় সমবেত করছেন। বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের মারধর করা, পোস্টার ছেঁড়া ও উসকানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনি সুষ্ঠু পরিবেশ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন—সেই অভিযোগগুলো কমিশনকে জানিয়েছি। নির্বাচন কমিশন এসব অভিযোগ খতিয়ে দেখা ও যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

প্রতিনিধি দলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাওছার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি, ঢাকা মহানগর উত্তরের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক রানা উপস্থিত ছিলেন।