ডেমরায় এলইডি বাল্বের গোডাউনে ভয়াবহ আগুন

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় একটি ১০ তলা  ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাজী আব্দুল হাই রোডের ভুট্টো চত্বরে অবস্থিত পাশা টাওয়ার নামে ভবনটির ৫ম তলা থেকে ৭ম তলায় এলইডি বাল্ব তৈরির কারখানার গোডাউনে গতকাল বিকাল ৫টার দিকে এই অগ্নিকা্লের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে। রাত ৮টার দিকে আগুন ভবনের চার তলা থেকে আট তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্র ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। বিকাল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত ৭ ঘণ্টা চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘটনাস্থলে সাহায্যকারী সংস্থা হিসেবে র‍্যাব, পুলিশ, রেড ক্রিসেন্ট, বিএনসিসি স্কাউট কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সেখানে কেউ আটকা পড়েছে কিনা সেই বিষয়েও জানা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস জানায়, পাশা টাওয়ারের ছয় তলা ও সাত তলায় একটি এলইডি বাল্ব তৈরির কারখানার গোডাউন। ভবনের ছয়তলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের টেবিল টার্ণ লেডার দিয়ে উঁচু স্থানে পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজ করতে দেখা যায়। রাত ১২টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণের কাজ অব্যাহত রয়েছে।