ফতুল্লায় ‘নিহত’ যুবকের প্রত্যাবর্তন, মামলা থেকে ছয় জনকে অব্যাহতি

ফতুল্লা থানায় একটি অপহরণের ছয় বছর ও মামলার চার বছর পর ‘নিহত’ এক যুবকের আদালতে হাজির হওয়ার ঘটনায় ছয় বিবাদীকে গতকাল বৃহস্পতিবার অব্যাহতি দিয়েছে আদালত। এছাড়া সিআইডি ও পুলিশের তিন জনের মধ্যে দুই জনকে পরের শুনানিতে নথিপত্রসহ উপস্থিত হতে বলেছেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ এমদাদ হোসেন সোহেল জানান, গত ১ নভেম্বর আমাদের আবেদনের প্রেক্ষিতে সিআইডি ও পুলিশের তিন জনকে সশরীরে তলব করে আদালত। সে অনুযায়ী গতকাল ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান, নারায়ণগঞ্জ সিআইডির সহকারী পুলিশ সুপার হারুন অর রশিদ ও এসআই জিয়াউদ্দিন উজ্জল আদালতে হাজির হন। পরে বিচারক সিআইডির সহকারী পুলিশ সুপার হারুন অর রশিদকে বাদ দিয়ে অপর দুই জনকে আগামী ৫ নভেম্বর পরের শুনানিতে নথিসহ হাজির হতে বলেছেন। এছাড়া বিবাদী তাসলিমা, রকমত, রফিক, সাগর, সাত্তার, সোহেলকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে মামলার পর পুলিশ অভিযুক্ত ছয় জনকেই গ্রেফতার করে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ মে মামুন অপহরণ হয়েছে অভিযোগ এনে দুই বছর পর ২০১৬ সালের ৯ মে ফতুল্লা মডেল থানায় মামলা করেন তার বাবা আবুল কালাম। ঐ মামলায় ছয় জনকে বিবাদী করা হয়। তাদের বিরুদ্ধে মামুনকে অপহরণের পর হত্যার অভিযোগ করা হয়েছিল। কিন্তু গত ৩০ সেপ্টেম্বর মামুন আদালতে উপস্থিত হলে বিচারিক কার্যক্রমও অন্যদিকে মোড় নেয়।