নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান

মো. আসাদ-উজ্জামান জুয়েল শিক্ষক

সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

মস্তিষ্ক (Brain)

কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশ করোটির মধ্যে অবস্থান করে তাকে মস্তিষ্ক বলে। মস্তিষ্ক মেনিনজেস নামক পর্দা দ্বারা আবৃত। মানুষের মস্তিষ্ক প্রধান তিনটি অংশ নিয়ে গঠিত। যথা-

১। অগ্র মস্তিষ্ক / গুরু মস্তিষ্ক

২। মধ্য মস্তিষ্ক

৩। পশ্চাত্ মস্তিষ্ক / লঘু মস্তিষ্ক

অগ্র মস্তিষ্ক:এটি মস্তিষ্কের প্রধান অংশ। অগ্র মস্তিষ্ক তিনটি অংশে বিভক্ত। যথা- সেরিব্রাম, থ্যালামাস ও হাইপোথ্যালামাস।

সেরিব্রাম

সেরিব্রাম মস্তিষ্কের প্রধান অংশ যাকে গুরু মস্তিষ্ক বলে। এটি ডান ও বাম সেরিব্রাল হেমিস্ফেয়ার নামে দুটি অংশে বিভক্ত। সেরিব্রামের উপরিভাগ ঢেউ তোলা ধূসর বর্ণের, একে গ্রে ম্যাটার বলে। ভিতরের স্তরে স্নায়ুতন্তু থাকে যার রং সাদা তাই একে হোয়াইট ম্যাটার বলে।

কাজ: দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চিন্তা-চেতনা, স্মৃতি, জ্ঞান, বুদ্ধি, বিবেক, পেশি চালনা, ইচ্ছা ইত্যাদি।

থ্যালামাস ও হাইপোথ্যালামাস

 এরা সেরিব্রামের নিচের অংশ। ক্রোধ, লজ্জা, গরম, শীত, নিদ্রা, তাপ সংরক্ষণ, চলন ইত্যাদি কাজ করে।

মধ্য মস্তিষ্ক: অগ্র ও পশ্চাত্ মস্তিষ্কের মাঝখানে অবস্থান করে এদেরকে সংযুক্ত করে। এরা দৃষ্টিশক্তি, শ্রবণশক্তির কাজে সহায়তা করে।

পশ্চাত্ মস্তিষ্ক:মধ্য মস্তিষ্কের নিচে অবস্থিত। এরা গুরু মস্তিষ্কের চেয়ে আকারে ছোট। দেহের ভারসাম্য রক্ষা, কথা বলা, চলাফেরা নিয়ন্ত্রণ এদের কাজ। এটি  তিনটি অংশ নিয়ে গঠিত। যথা-

১। সেরিবেলাম  ২। পনস

৩। মেডুলা

মেডুলার কাজ: হূদস্পন্দন, শ্বসন, খাদ্যগ্রহণ।