প্রতিদান দিতে চান ভারমুক্ত সাকিব

স্পোর্টস রিপোর্টার

ক্যারিয়ার জুড়ে বহুবার বিদেশ থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ঢাকার বুকে তার পা রাখাটা ভিন্নভাবে মূল্যায়িত হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে এবার ঢাকায় এসেছেন ভারমুক্ত হওয়া সাকিব। বুকের ভেতর চাপ হয়ে থাকা নিষেধাজ্ঞার খড়গ উঠে গেছে। মুক্ত সাকিব এখন ক্রিকেটে প্রত্যাবর্তনের অপেক্ষায়।

নিষিদ্ধ থাকার কঠিন সময়ে ভক্ত, সমর্থকদের অকুণ্ঠ সমর্থন পেয়েছেন। বৃহস্পতিবার রাতেও যেমন বিমানবন্দরে হাজির হয়েছিল সাকিবের ভক্তরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তাকে অভ্যর্থনা জানাতে ব্যানার হাতে দাঁড়িয়ে গেলেন। সংবাদকর্মীরাও ছিলেন অপেক্ষায়। ঢাকায় নেমেই সাকিব জানিয়েছেন, এখন চাপমুক্ত তিনি। এখন ২২ গজে ব্যাটে-বলে সবার সমর্থনের প্রতিদান দেওয়াকেই নিজের বড় দায়িত্ব বলে উল্লেখ করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

অন্যবারের চেয়ে এবারের ফেরাকে ব্যতিক্রম উল্লেখ করে সাকিব বলেছেন, ‘অবশ্যই ব্যতিক্রম, অন্যান্য বার হয়তো কোনো জায়গা থেকে খেলে আসি বা কোনো জায়গা থেকে ঘোরা শেষে দেশে ফিরি। এবারও হয়তো কোনো একটা কাজ শেষে আসলাম দেশে। কিন্তু এবার যেটা হলো মাথার ওপর যে চাপ ছিল, সেটা ঝেড়ে আসতে পারলাম।’

রাতে ফেরার পর গতকাল সকালে রাজধানীর একটি সুপার শপের উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন সাকিব। বঙ্গবন্ধু টি-২০ কাপ দিয়ে ক্রিকেটে ফিরবেন তিনি। স্বস্তি নিয়ে দেশে ফেরা সাকিব বলেছেন, ‘এখন আমার দায়িত্ব হচ্ছে সবার এই ভালোবাসা, দোয়া ও সমর্থনের প্রতিদান দেওয়া। আপনারা এখানে রাত জেগে আছেন, আরো যারা আছে সবাইকে ধন্যবাদ জানাব সমর্থন দেওয়ার জন্য। বারবার একই কথা বলতে হচ্ছে আমাকে যে, আমি চেষ্টা করব যেন এটারই প্রতিদান দিতে পারি।’

৯ নভেম্বর মিরপুর স্টেডিয়ামে ফিটনেস টেস্ট দেবেন সাকিব। বাঁহাতি এই অলরাউন্ডারের ধারণা বঙ্গবন্ধু কাপ পুরোটা খেলতে খেলতে পূর্ণ ফিট হয়ে যাবেন। বিমানবন্দরে অভিজ্ঞ এই ক্রিকেটার ফিটনেস টেস্ট সম্পর্কে বলেছেন, ‘আসলে এটা ফিটনেস টেস্টের সময়ই বোঝা যাবে। কিন্তু অবশ্যই যে অবস্থানে ছিলাম সে অবস্থানে নেই। মাঝখানে যখন ট্রেনিং করছিলাম তখন ভালো একটা অবস্থানে চলে এসেছিলাম। এই এক মাস ভালো একটা অবস্থায় থাকতাম। যেহেতু এক মাসের বিরতি পড়ল, স্বাভাবিকভাবেই বেশ কিছুটা পিছিয়ে পড়েছি। আমার কিছুটা সময় লাগবে, এই টুর্নামেন্ট পুরোটা শেষ হতে হতে আমার ধারণা ফিটনেস ফিরে পাব।’