এইচপির প্রস্তুতি ম্যাচ আজ
স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটারের একজন মুশফিকুর রহিম। জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে অনুশীলনে, ফিটনেসের কাজে সবচেয়ে মনোযোগী তিনি। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ সফল মুশফিক। তরুণ প্রজন্মের সামনে অনুকরণীয় চরিত্র অভিজ্ঞ এই ক্রিকেটার।
বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকে অনুপ্রাণিত তরুণ ক্রিকেটার তৌহিদ হূদয়। যুব বিশ্বকাপ জয়ের পর বিসিবি প্রেসিডেন্টস কাপে প্রথম বার সিনিয়রদের সঙ্গে খেলেছেন হূদয়রা। যেখানে মুশফিকের সতীর্থ ছিলেন এই তরুণ। সিনিয়র ক্রিকেটে প্রথম টুর্নামেন্টে মুশফিককে দেখে অনেক কিছু শিখেছেন হূদয়।
বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলার অভিজ্ঞতা জানাতে গিয়ে গতকাল মিডল অর্ডার এই ব্যাটসম্যান বলেছেন, ‘অবশ্যই সিনিয়রদের সঙ্গে খেলা, আমাদের জন্য প্রথম বারের মতো। বড় সুযোগ ছিল। সবচেয়ে বড় জিনিসটি হলো সিনিয়রদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পেরেছি। অনেক কিছু শিখতে পেরেছি। বিশেষ করে মুশফিক ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শেখার ছিল। উনি কীভাবে সব সময় ডিসিপ্লিনের ভেতরে থাকে এগুলো দেখে অনেক অনুপ্রেরণা পেয়েছি। জাতীয় দলের আরো ভালো ভালো খেলোয়াড় ছিল তাদের কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করেছি।’
টুর্নামেন্টে নাজমুল একাদশের হয়ে একটি হাফ সেঞ্চুরিও করেছেন হূদয়। ৫ ম্যাচে ১২২ রান করেছেন তিনি। এখন এইচপি ক্যাম্পে কঠোর পরিশ্রম করছেন হূদয়রা। নিজেদেরকে ভবিষ্যতের জন্য গড়ে তোলার চেষ্টায় আছেন।
আজ একটি ওয়ানডে ম্যাচ খেলবে এইচপির ক্রিকেটাররা। দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচটি খেলবেন তারা। মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল ৯টায়।