সুমনের বয়স নিয়ে র্যাডফোর্ডের রসিকতা

স্পোর্টস রিপোর্টার

ক্রিকেটারদের বয়স নিয়ে রম্য-রসিকতা হরহামেশাই হয়। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি ট্রলের শিকার হয়েছেন আফগানিস্তানের রশিদ খান। ২২ বছর বয়সি রশিদ প্রায়ই হাসির পাত্র হন ফেসবুক-টুইটারে। আন্তর্জাতিক ক্রিকেটে বয়স নিয়ে রসিকতার শিকার হতে হয়েছে শহিদ আফ্রিদিকেও।

এবার বয়স নিয়ে হাস্যরসের মুখে পড়েছেন বাংলাদেশের পেসার সুমন খান। তাও তাকে নিয়ে রসিকতা করেছেন খোদ বাংলাদেশের এইচপির হেড কোচ টবি র্যাডফোর্ড। নিজের টুইটার অ্যাকাউন্টে রসিকতা করে এই ইংলিশ কোচ লিখেছেন, ‘বাংলাদেশের দুর্দান্ত এক তরুণ পেসারকে তার বয়স কত জিজ্ঞেস করে দারুণ উত্তর পেয়েছি, কোচ, আমার বয়স ২৪, কিন্তু আমার পাসপোর্টে বয়স ২১।’ ইনস্টাগ্রাম স্টোরিতেও সুমনের ছবি দিয়ে একই কথা লিখেছেন র্যাডফোর্ড।

বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে ৩৮ রানে ৫ উইকেট নিয়ে নজরে এসেছেন সুমন খান। তিন ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি। উঠতি এই পেসার এখন এইচপি ক্যাম্পে অনুশীলন করছেন।

র্যাডফোর্ডের রসিকতার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে ক্রিকেটারদের বয়স কারচুপির বিষয়টি আবারও সামনে উঠে এলো।