মর্কেল এখন অস্ট্রেলিয়ান!

স্পোর্টস রিপোর্টার

বিগ ব্যাশের গত আসরে বিদেশি ক্রিকেটার হিসেবে একটি ম্যাচ খেলেছিলেন মর্নে মর্কেল। সেই তিনিই এবার খেলবেন স্থানীয় ক্রিকেটার হিসেবে। ব্রিজবেন হিটের সঙ্গে স্থানীয় ক্রিকেটার হিসেবে পুরো মৌসুমের জন্য চুক্তি করেছেন এই দক্ষিণ আফ্রিকার পেসার।

মর্কেলের স্ত্রী জনপ্রিয় ক্রীড়া উপস্থাপক রোজ কেলি অস্ট্রেলিয়ান। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে সিডনিতেই থিতু হয়েছেন মর্কেল। অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেতে তার আরো কয়েক বছর সময় লাগতে পারে। তবে দেশটির স্থায়ী বাসিন্দা হিসেবে অনুমতি পেয়েছেন তিনি।

বিগ ব্যাশ লিগের নিয়ম অনুযায়ী, ‘পার্মামেন্ট রেসিডেন্সি’ পাওয়া ক্রিকেটাররা স্থানীয় হিসেবে বিবেচিত হবেন, যদি ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন মনে করে যে ঐ ক্রিকেটার ভবিষ্যতে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করতে পারেন এবং অন্য কোনো আইসিসি পূর্ণাঙ্গ সদস্য দেশকে প্রতিনিধিত্ব করবেন না বলে রাজি থাকেন। মর্কেলের অন্য কোনো দেশের হয়ে খেলার কোনো সম্ভাবনা নেই বলেই অনুমতি পেয়ে গেছেন।