ইত্তেফাক রিপোর্ট
প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্মসচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন—আশরাফ আলী খান ও আব্দুল কাদির আনোয়ার। মগবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে শুক্রবার জানিয়েছেন ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুনায়েদ আলম সরকার।
তিনি জানান, গ্রেফতারকৃতরা প্রথমে সাধারণ মানুষের সঙ্গে পরিচিত হয়ে সখ্যতা গড়ে তোলেন। এক পর্যায়ে তারা নিজেদের প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্মসচিব, ডিজি, বিভিন্ন প্রকল্পের পরিচালক, কখনো আবার এনজিও বিষয়ক ব্যুরোর প্রধান কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। তারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন। এভাবে টাকা হাতিয়ে নেওয়ার কিছুদিন পর তারা আত্মগোপনে চলে যান। তাদের এমন ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হয়েছেন অনেক মানুষ। তিনি আরো বলেন, প্রতারকরা করোনাকালে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রণোদনা প্যাকেজের আওতায় ১৫-২০ লাখ টাকা ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে অনেক মানুষের কাছ থেকে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা করে হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।