ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর বনানী এলাকায় ট্রেনে কাটা পড়ে এক দম্পতির মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তারা হলেন, অজিত চৌধুরী (৬০) ও তার স্ত্রী মনীষা চৌধুরী (৫০)। বিষয়টি দুর্ঘটনা না আত্মহত্যা তা পুলিশ ও নিহতদের পরিবারের পক্ষ থেকে স্পষ্ট করে কোনো তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বনানী সৈনিক ক্লাব এলাকায় কমলাপুর থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেসে কাটা পড়ে ঐ দম্পতির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে তাদের এক ছেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে এসে লাশ শনাক্ত করেন। পরিবারের কোনো অভিযোগ নেই—এ মর্মে অঙ্গীকার করার পর বিনা ময়নাতদন্তে লাশ দুইটি তাদের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা দুই জন প্রত্যেকদিন বিকালে হাঁটতে বের হতেন। সবুজবাগের মায়াকানন এলাকা থেকে হাঁটতে হাঁটতে কখনো বিমানবন্দর এলাকায় চলে যেতেন।
বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. মহিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আশপাশের লোক জন পুলিশকে জানিয়েছে যে, ট্রেন আসার আগে ঐ দম্পতি রেললাইনের ওপর বসা ছিলেন। এরপর তারা কীভাবে দুর্ঘটনার শিকার হলেন তা অন্য কোনো পথচারীর বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগীদের গ্রামের বাড়ি চট্টগ্রামের সদরঘাট এলাকার দক্ষিণ নালাপাড়ায়।