আজ ঐতিহাসিক ৭ নভেম্বর। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের দিনটি ইতিহাসের পাতায় ঘটনাবহুল একটি দিন। দিনটির পক্ষে-বিপক্ষে নানা আলোচনা-সমালোচনা আছে। বিএনপির পক্ষ থেকে দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। তারা মনে করে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর উদ্ভূত পরবর্তী পরিস্থিতিতে সেনা অভ্যুত্থান ও পালটা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করছিল, তখন সিপাহি-জনতার মিলিত ঐক্যের এই বিপ্লব দেশ ও জাতিকে অনাকাঙ্ক্ষিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল। সেই বিপ্লব-অভ্যুত্থানের মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন তত্কালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান।
এদিকে জাসদের পক্ষ থেকেও ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। তবে দলটির পক্ষ থেকে মনে করা হয় জেনারেল জিয়ার বিশ্বাসঘাতকতায় দিবসটি কালিমালিপ্ত।
অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক দলসমূহ দিবসটি মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে অভিহিত করে থাকে। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন দিবসটি উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি পালন করছে।