‘উপজেলার নেতারা চিফ হুইপ নূর-ই আলম চৌধুরীর কাছ থেকে উন্নয়নের পরামর্শ নেন’

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী শুধু শিবচরে উন্নয়নই করেন না, বাংলাদেশের প্রতিটি উপজেলার নেতারা তার কাছ থেকে কিভাবে উন্নয়ন করতে হয় তার পরামর্শ গ্রহণ করেন। তাইতো সাধারণ মানুষ তাকে বলে উন্নয়নের জাদুকর বলেছেন মাদারীপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মুনির চৌধুরী। 

শুক্রবার সকালে উপজেলার দত্তপাড়া বাজার মাঠে দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে মো. পান্নু মিয়া চৌধুরীকে সভাপতি ও মো. মতিউর রহমান লপ্তিকে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। একই দিন বিকেলে শহীদ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ্চর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনও অনুষ্ঠিত হয়। পাঁচ্চর ইউনিয়নে বাচ্চু মিয়া মিঠুকে সভাপতি ও মো. নূরুল ইসলাম নূর হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

সম্মেলনে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বিএম আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

দত্তপাড়ায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুনির চৌধুরী আরও বলেন, আজ থেকে ৩৮ বছর আগে দত্তপাড়া টিএন একাডেমি স্কুল মাঠে ঘাসের উপর বসে আমরা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করেছিলাম। আর আজকে সুসজ্জিত বিশাল মঞ্চ তৈরি করে উৎসব মুখর পরিবেশে সেই ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন করছি।এটা সম্ভব হয়েছে একমাত্র একজন ব্যাক্তির কারণে। যিনি স্বপ্ন দেখেন শিবচরকে নিয়ে, বুকে লালন করেন শিবচরকে।শিবচরের মানুষ যাকে ছয় বার মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন তাদের পক্ষে কথা বলার জন্য। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যার ওপর আস্থা রেখে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দিয়ে মহান জাতীয় সংসদের চিফ হুইপের আসনে বসিয়েছেন। তিনি আমাদের সেই ভাই, আমাদের সেই বন্ধু, আমাদের সেই নেতা নূর-ই আলম চৌধুরী লিটন এমপি।

ইত্তেফাক/কেকে