নোয়াখালীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে নোয়াখালী জেলার সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের চরকরমুল্যা বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১২ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আবদুল হক নামের একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। নোয়াখালী হাসপাতালে চিকিত্সাধীন আছেন কামাল উদ্দিন, মো. সিরাজ, জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন, আবদুর রহমান, সিরাজ, সালাউদ্দিন, শহীদুল্লা, আবদুর রহমান ও লিটন।

স্থানীয় সূত্রে জানা যায়, এওজবালিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান এবং পার্শ্ববর্তী কালাতোরাবই ইউনিয়নের বাবুল ডাক্তারের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনেক দিন যাবত্ বিরোধ চলছে। দুই জন দুই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ঘটনার রাতে বাজারে আসা নিয়ে এ দুই জনের সমর্থকদের মধ্যে বাগিবতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান তিনি।