ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীরের বিরুদ্ধে উত্তরায় মশাল মিছিল হয়েছে। স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা ঐ আসনে জাহাঙ্গীরকে অবাঞ্ছিত ঘোষণা করে ঐ মিছিল করেন। বৃহস্পতিবার রাতে উত্তরা আজমপুর বাসস্ট্যান্ডসংলগ্ন পেট্রোল পাম্পের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়ে হাউজ বিল্ডিং বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
উত্তরার বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের বহিষ্কৃত নেতা নাজিম উদ্দিন দেওয়ান, মতিউর রহমান, আমজাদ হোসেন ও আব্দুল কাদেরের নেতৃত্বে অন্তত তিন শতাধিক কর্মী-সমর্থক মিছিলে অংশ নেন। মিছিলকারীরা জাহাঙ্গীরকে অবাঞ্ছিত ও ‘সন্ত্রাসী’ আখ্যায়িত করে তার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন। কয়েক শতাধিক মশাল হাতে মিছিল দেখে সাধারণ জনগণ ও পথচারীরা ভয়ে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন। এর আগেও এই অংশের নেতারা জাহাঙ্গীরের বিরুদ্ধে জুতা ও ঝাড়ু নিয়ে মিছিল করেছেন।
সম্প্রতি দল থেকে বহিষ্কৃত দক্ষিণখান থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন বলেন, ‘জাহাঙ্গীর ও তার সমর্থকরা ১২ সেপ্টেম্বর অনেক নেতাকর্মীকে মারধর করেছেন। এর কোনো বিচার হয়নি। এরপরও তাকে (জাহাঙ্গীর) এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। এ কারণে ঢাকা-১৮ আসনে আমরা এই প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করছি।’