মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন। যদিও তিনি কোনো প্রমাণ দেননি। এ নিয়ে তার নিজ দলের মধ্যেই দ্বন্দ্ব দেখা দিয়েছে। প্রভাবশালী কিছু রিপাবলিকান ট্রাম্পের বক্তব্যকে সমর্থন করলেও বেশির ভাগ সাধারণ রিপাবলিকানসহ কংগ্রেসের অনেকে তার বক্তব্যকে সমর্থন করছেন না। তারা বরং বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে খাটো করছেন। অনেকে ট্রাম্পকে দলের বাইরে রাখারও আহ্বান জানাচ্ছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের দুই ছেলে দলের কিছু নেতাকে উদ্দেশ্য করে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। খবর বিবিসি ও স্কাই নিউজের।
ট্রাম্পের ছেলেদের ক্ষোভ: ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র রিপাবলিকান নেতাদের তীব্র আক্রমণ করে বলেন, রিপাবলিকানরা যুগের পর যুগ দুর্বল। এজন্যই বামপন্থিরা এসব করতে পারছে। ট্রাম্পের ছোট ছেলে এরিক টুইটারে লিখেছেন, রিপাবলিকানরা কোথায়? মেরুদণ্ড সোজা কর। জালিয়াতির বিরুদ্ধে লড়াই কর। আমাদের ভোটাররা তোমাদের কখনো ক্ষমা করবে না। রিপাবলিকানদের মধ্যে যারা প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে সোচ্চার তাদের নাম উল্লেখ করে প্রশংসা করেছেন তার দুই ছেলে। ট্রাম্পের দুই ছেলের বক্তব্যের মাধ্যমে রিপাবলিকান দলের ভেতরে ট্রাম্পের অনুসারী এবং অন্যদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে।
যারা ট্রাম্পের পক্ষে: সুপরিচিত রিপাবলিকান এবং ট্রাম্পের ঘনিষ্ঠ লিন্ডসে গ্রাহাম ট্রাম্পের বক্তব্যকে সমর্থন দিয়েছেন। সিনিয়র রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেন, প্রতিটি আমেরিকানের উচিত এর বিরুদ্ধে দাঁড়ানো। তারা যদি অন্যায় কিছু দেখে তাহলে আমাদের বলা উচিত। এ ব্যাপারে আপনারা চুপ থাকবেন না। আমাদের চোখের সামনে এ ধরনের অনিয়ম ঘটতে দিতে পারি না।
ট্রাম্পের বক্তব্যের বিপক্ষে যারা: সিনিয়র রিপাবলিকান মিট রমনি এবং মেরিল্যান্ডের রিপাবলিকান গভর্নর ল্যারি হগান গণতান্ত্রিক প্রক্রিয়াকে খাটো করার বিরুদ্ধে ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন। রমনিকে উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট বলছে, প্রতিটি ভোট গণনা করা গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। অনিয়মের অভিযোগ থাকলে তদন্ত হবে এবং আদালতে নিষ্পত্তি হবে। গণতন্ত্রের ওপর আস্থা রাখুন, আমাদের সংবিধান এবং আমেরিকার জনগণের ওপর আস্থা রাখুন।
সিএনএন বলছে, টেক্সাসের রিপাবলিকান নেতা উইল হার্ড প্রেসিডেন্ট ট্রাম্পের কার্যক্রমকে বিপজ্জনক বলে বর্ণনা করে বলেন, প্রেসিডেন্ট আমাদের রাজনৈতিক প্রক্রিয়াকে অবজ্ঞা করছেন এবং প্রমাণ ছাড়াই আমেরিকানদের বৈধ মতামত নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এটা শুধু বিপজ্জনক এবং ভুলই নয়, যে ভিত্তির ওপর আমাদের জাতি দাঁড়িয়ে আছে সেটিকেও অবজ্ঞা করা হচ্ছে। স্কাই নিউজ জানায়, রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যাডাম কিনজিংগার ভোট নিয়ে মিথ্যা তথ্য না ছড়াতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিবিসি নিউজ বলছে, গত চার বছরের রাজনীতিতে প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকান পার্টিকে তাদের ইচ্ছে মতো চালিয়েছেন। তার নিজের মনোনীত রিপাবলিকানদের কাছ থেকে তিনি ৯০ শতাংশের বেশি সমর্থন পেয়েছেন। রিপাবলিকান পার্টির ভেতরে এখন প্রেসিডেন্ট ট্রাম্প এবং অন্যদের মধ্যে যে বিবাদ শুরু হয়েছে, ট্রাম্পের বিদায়ের পর সেটি দলকে কোন দিকে নেয় তা এক বড় প্রশ্ন।
স্কাই নিউজ জানিয়েছে, উপদেষ্টারা ভোট নিয়ে কারচুপির অভিযোগ না করতে পরামর্শ দিলেও তা শুনছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের শাসনামলে রিপাবলিকানরা তাকে সমর্থন করলেও গণতন্ত্রকে খাটো করায় এখন দূরে সরে যাচ্ছেন। সংবাদ মাধ্যমটি জানায়, অনেক রিপাবলিকানই দলের স্বার্থে ট্রাম্পকে দলের বাইরে রাখার আহ্বান জানিয়েছেন। কারণ এতে তার সম্মানও রক্ষা হবে।