হারিকেন এতা: গুয়াতেমালায় ১৫০ জনের প্রাণহানির শঙ্কা

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় হারিকেন ‘এতা’-র প্রভাবে প্রবল বৃষ্টির পর কয়েকটি ভূমিধসের ঘটনায় অন্তত ১৫০ জনের প্রাণহানির শঙ্কা করা হচ্ছে।  ভূমিধসে দেশটির উত্তরাঞ্চলীয় কুইজা গ্রামটি  কাদামাটির নিচে চাপা পড়েছে। শুক্রবার এমনটি জানিয়েছে গুয়াতেমালার  প্রেসিডেন্ট  আলেজান্দ্রো গিয়ামততেই। 

গিয়ামততেই জানান,  ওই গ্রামে উদ্ধার কার্যক্রম শুরু করতে সেনা ইউনিট পৌঁছেছে। সেনাবাহিনীর দেয়া প্রাথমিক খবর থেকে জানা গেছে ১শ লোক সহ দেড়শো বাড়ি মাটির নিচে চাপা পড়েছে। এছাড়া মেক্সিকো সীমান্তবর্তী উত্তর পূর্বাঞ্চলে অপর একটি ভূমিধসে ১০ জন মারা গেছে।

গিয়ামাত্তেই বলেন, আমরা দেখেছি মারা যাওয়া এবং নিখোঁজ সব মিলিয়ে বেসরকারি হিসেবে এ সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দেড়শো।

এদিকে মঙ্গলবার হারিকেন হিসেবে এতা  নিকারাগুয়ায় আঘাত হানার পর মধ্য আমেরিকায় আরো ২০ জনের প্রাণহানি ঘটেছে।

এতা মঙ্গলবার চার ক্যাটাগরির হারিকেন হিসেবে প্রথমে নিকারাগুয়ায় আঘাত হানলেও এটি পরে পুরো মধ্য আমেরিকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

ইত্তেফাক/এআর