শ্রীশান্তকে পাশে পেলেন পান্ডে-রাহুল

নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে ভারতীয় ক্রিকেটে এখন খলনায়কের ভূমিকায় হার্দিক পান্ডে ও লোকেশ রাহুল। তাদের পাশে দাঁড়ালেন এবার ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ থাকা আরেক খলনায়ক এস শ্রীশান্ত। তিনি পরিষ্কার জানিয়ে দেন, অনেকে এর চেয়ে বড় অন্যায় করেও পার পেয়ে গিয়েছেন।

কফি উইথ করণ শো-তে মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে এখন নিষিদ্ধ পান্ডে-রাহুল। তাদের শাস্তি নিয়েও বোর্ডের অন্দরে নাটক চলছেই। এসবের মাঝেই এই বিতর্কে মুখ খুললেন শ্রীশান্ত।

দুই ক্রিকেটারের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, ‘হ্যাঁ যেটা ঘটেছে সেটা ভুল। তারা যেটা বলেছে সেটা ভুল। যারা এর থেকেও বেশি অন্যায় করেছে এবং তারা এখনও খেলছে। শুধু ক্রিকেট নয়, অন্যান্য খেলাধুলোতেও। সেসব লোকেরাই এখন মন্তব্য করছে। তাই তারা সুযোগ পেলেই ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে।’

সেই সঙ্গে বিশ্বকাপের কথা মনে করিয়ে দিয়ে শ্রীশান্ত বলেন, ‘আমি শুধু এটুকুই বলব, যে ওরা যেটা করেছে সেটা অন্যায়। কিন্তু বিশ্বকাপ যে একেবারে দোরগোড়ায়। হার্দিক এবং রাহুল দুজনেই ভালো ক্রিকেটার। ওরা দুজনেই ম্যাচ উইনার। পরে হোক বা আগে দুজনই মাঠে ফিরবে আবার। ক্রিকেট ছেড়ে দূরে থাকাটা যে কতটা কঠিন সেটা বুঝি। আমি মনে করি, বিসিসিআই ওদের খুব শিগগীরই খেলার অনুমতি দেবে।’   

ইত্তেফাক/কেআই