লালমনিরহাটে মদপানে ২ জনের মৃত্যু, অসুস্থ ৪

লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নে শনিবার (৭ নভেম্বর) দুপুরে ভারতীয় মদপানে হাবু মিয়া (৩৫) ও রনজিৎ চন্দ্র (৪৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। গুরুত্বর অবস্থায় আরো ৪ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মৃত ব্যক্তিরা হলেন-একই ইউনিয়নের বান্দেরকুড়া গ্রামের খয়বর হোসেনের ছেলে হাবু মিয়া ও একই গ্রামের বাংটু চন্দ্রের ছেলে রনজিৎ চন্দ্র।

জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার চলবালা ইউনিয়নে বান্দের কুড়া গ্রামের একটি বাশঁ ঝাড়ের মধ্যে ইউপি সদস্য সেকেন্দার আলী, হাবু মিয়া, রনজিৎ, সবুজ, বেলাল হোসেনসহ ৭-৮ জন মিলে ভারতীয় মদ পান করেন। পরের দিন শনিবার সকালে সবার পেটে জ্বালা ও বুকে ব্যথা উঠে। এ সময় বুকে ব্যথা নিয়ে নিজ বাড়িতে মৃত্যু হয় হাবু মিয়ার। রনজিৎকে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এছাড়া আশংকাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয় চলবলা ইউপির বান্দের কুড়া গ্রামের সুনিলের ছেলে সবুজ (৪০),হোসেনের ছেলে বেলাল (৪০) ও  ইউপি সদস্য সেকেন্দার আলী (৫০)।

তবে স্থানীয় সূত্র জানায়, গ্রেফতারের ভয়ে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছে আরো কয়েকজন।

আরো পড়ুন: সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ, তিনজন গ্রেফতার

এ বিষয়ে চলবালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, ভারতীয় বিষাক্ত মদপানে দুই জনের মৃত্যু হয়েছে। ইউপি সদস্যসহ আরো তিনজন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই ব্যক্তি মদপানে মারা গেছে এমন তথ্য পেয়েছি। ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়টি জানা যাবে।

ইত্তেফাক/এএএম