নওগাঁ প্রতিনিধি
আত্রাইয়ে গত তিন দিন ধরে একটি মুখপোড়া হনুমান ঘুরে বেড়াচ্ছে। হনুমানটিকে দেখতে ভিড় জমাচ্ছে শিশু-কিশোর, নারীসহ শত শত উত্সুক জনতা। স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার দিবাগত রাতের যে কোনো সময় হনুমানটি এ উপজেলায় চলে আসে। রায়পুর গ্রামের বিপ্লব কুমার পাল বলেন, বর্তমানে হনুমানটি বাজারে ঘুরে বেড়াচ্ছে। আমরা তাকে বিরক্ত না করে খাবার দিচ্ছি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুবাইত রেজা বলেন, স্থানীয় বন বিভাগ চাইলে আমরা হনুমানটি আটক করে চিড়িয়াখানা বা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করতে পারি। তিনি এলাকার মানুষকে হনুমানটিকে উত্ত্যক্ত না করার পরামর্শও দেন।