বগুড়ায় দুই পক্ষের সংঘর্ষে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার সারিয়াকান্দিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আসমা বেগম (৩৪)। শুক্রবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির এসআই আবদুল আজিজ মণ্ডল এর সত্যতা নিশ্চিত করেছেন। এসআই আবদুল আজিজ মণ্ডল জানান, শুক্রবার বিকালে উপজেলার হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া গ্রামে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাত জন আহত হন। আহতদের প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আহত আসমা বেগমকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাত ৯টার দিকে আসমা মারা যান।