গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গৃহকর্ত্রী গ্রেফতার

লালমোহন (ভোলা) সংবাদদাতা

লালমোহনে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে শুক্রবার বিকালে গৃহকর্ত্রী ইয়াছমিন আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় নির্যাতনের শিকার গৃহকর্মী শওকত আরাকেও (১৫) উদ্ধার করা হয়। পরে তাদের ভোলা আদালতে পাঠানো হয়েছে। লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, শুক্রবার বিকালে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে লালমোহন পৌর এলাকার সবুজবাগ মহল্লার শাহাদাত্ মিয়ার বাসা থেকে নির্যাতিত ঐ গৃহকর্মীকে উদ্ধার করি। এ সময় প্রথামিক জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্ত্রীকেও থানায় নেওয়া হয়। পরে লালমোহন হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করে গৃহকর্মীর শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া যায়। শনিবার ঐ গৃহকর্মীর চাচা মাওলানা জাকির হোসেন বাদী হয়ে লালমোহন থানায় মামলা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করেছে গৃহকর্ত্রী।