গণপরিবহনে স্বাস্থ্যবিধি

মুখে মাস্ক পরতে হবে—কথাটি গুরুত্বসহকারে প্রচার করা হয় জনসচেতনতা সৃষ্টিতে। কিন্তু দুঃখের বিষয় যে, এত প্রচার সত্ত্বেও মানুষ সচেতন হচ্ছে না। গণপরিবহনে অবশ্যই মাস্ক পরতে হবে। দেখা যাচ্ছে প্রচুর যাত্রী মাস্ক পরেন না। চালক ও হেলপারের অবস্থা একই। করোনা থেকে আমাদের দেশ মুক্ত হয়নি এখনো। অথচ স্বাস্থ্যবিধি মানতে আমাদের যত অবহেলা! নিজে সচেতন না হলে অন্য আর একজন সচেতন হবেন না । মাস্ক পরে বাসে উঠতে হবে। এমনিতে বাসে দূরত্ব বজায় থাকে না। এই অবস্থায় মাস্ক পরার বিষয়ে সচেতন না হলে নিজেদের ক্ষতি হবে। করোনা একটি নীরব ঘাতক ব্যাধি। যে কোনো সময় যে কেউ এতে আক্রান্ত হতে পারেন। শুধু বাসে নয়, অলিগলিতে টমটমগুলোতে যাত্রীদের মুখে মাস্ক দেখা যায় না। গাদাগাদি করে প্রচুর যাত্রী মাস্ক ছাড়াই টমটমে চড়ছেন। আমরা মনে করি প্রশাসনকে কঠোর হবে এবার। গণপরিবহনে যাত্রীরা মাস্ক পরছেন কি না, চালক ও হেলপারের মাস্ক আছে কি না, প্রশাসনের লোকজনকে তা দেখতে হবে সবার স্বার্থে। অবহেলা মারাত্মক পরিস্থিতি ডেকে আনে। সুতরাং সবকিছুকে অবহেলা নয়। গণপরিবহনে মুখে মাস্ক লাগিয়ে ওঠা খুবই জরুরি—এ ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করছি।

মোহাম্মদ হুমায়ুন কবির 

দক্ষিণ মধ্যম, হালিশহর, চট্টগ্রাম