মাঠে নেমেই বসুন্ধরা কিংসের দাপট

স্পোর্টস রিপোর্টার

নারী ফুটবল লিগ শুরু হয়েও করোনার কারনে বন্ধ হয়ে গিয়েছিল। গতকাল পুনরায় শুরু হয়েছে লিগ। মাঠে নেমেই  বসুন্ধরা কিংস দাপট দেখিয়েছে। কমলাপুর স্টেডিয়ামে গতকাল বিকালে বসুন্ধরা কিংস ৭-০ গোলে হারিয়েছে এএফসি উত্তরবঙ্গ দলকে।

প্রথমার্ধে উত্তরবঙ্গ ভালো খেলে ঠেকিয়ে রেখেছিল। বসুন্ধরার সব প্লেয়ারই জাতীয় দলের। শক্তিশালী দল গড়েছে বসুন্ধরা। তাদের বিপক্ষে উত্তরবঙ্গ প্রথমার্ধের সময়টা কাটিয়ে দ্বিতীয়ার্ধে ভেঙ্গে পড়ল। তবে ৭ গোলের মধ্যে জোড়া গোল আছে কৃষ্ণার। শিউলী, তহুরা খাতুন, মানিকা, মুন্নি এবং সাবিনা গোল করেন।

নারী ফুটবল লিগ শুরু হলেও  এখন কমলাপুর স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে। স্টেডিয়ামে ঢুকলে বুঝে উঠা কঠিন, এখানে খেলা হয়। চারদিকে রাজমিস্ত্রী কাজ করছে। ড্রেসিং রুম নতুন করে গড়ে তোলা হচ্ছে। স্টেডিয়ামে গেটে গর্ত করে প্রবেশ মুখের অবস্থা যাচ্ছেতাই করে রাখা হয়েছে। ম্যাচ চলাকালীন সেখানে এমন পরিস্থিতি চোখে পড়ছে। আজ একই ভেন্যুতে বেলা ১২টায় প্রথম ম্যাচে কুমিল্লা ইউনাইটেড ও স্পার্টন এমকে সিলেট এফসি, এবং বিকেল ৩টায় জামালপুর ও কাচারীপাড়া একাদশ পরস্পরের মুখোমুখি হবে।