পাঁচ দলেই থাকছে দেশি কোচ ৫ দল

বঙ্গবন্ধু টি-২০ কাপ

১.    ফরচুন বরিশাল

২.    বেক্সিমকো ঢাকা

৩.    মিনিস্টার গ্রুপ রাজশাহী

৪.    জেমকন খুলনা

৫.    গাজী গ্রুপ চট্টগ্রাম

 স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু টি-২০ কাপের রুপরেখা অনেকটাই চূড়ান্ত। টুর্নামেন্ট শুরু হবে নভেম্বরের তৃতীয় সপ্তাহে। আগামীকাল ও ১০ নভেম্বর জাতীয় দলের বাইরে থাকা ১১৩ ক্রিকেটার ফিটনেস টেস্টে অংশ নিবেন। ফিটনেস টেস্টে উতরে গেলেই ড্রাফটে নাম তুলতে পারবেন ক্রিকেটাররা। প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর। দুপুর ১২টায় রাজধানীর লে মেরিডিয়ান হোটেলে প্লেয়ার্স ড্রাফট থেকেই পাঁচটি দল গঠন হবে।

প্রতিটি দলেই একজন করে দেশীয় কোচ জুড়ে দিবে বিসিবি। টিম ম্যানেজমেন্টও ঠিক করে দিবে বিসিবি। গতকাল এসব তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

দলগুলোর কোচিং স্টাফ সম্পর্কে গতকাল মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের বিসিবির এই পরিচালক বলেছেন, ‘আমরা ক্রিকেট বোর্ড থেকেই কিন্তু করে দিচ্ছি এবং জানেন আপনারা বিদেশিদের সঙ্গে দেশিও অনেক ট্রেনার, ফিজিও, কোচ, ফিল্ডিং কোচ, বোলিং কোচ আছে ওদেরকে আমরা যুক্ত করছি। প্রত্যেকটা দলকে একটা করে দিয়ে দিচ্ছি দেশি কোচ। ওরা টিমের সঙ্গে থাকবে। পুরো সেটআপটা ক্রিকেট বোর্ড থেকে দেয়া হচ্ছে।’

প্লেয়ার্স ড্রাফটের প্রায় ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে উল্লেখ করে আকরাম খান বলেছেন, ‘ড্রাফট আমরা সম্ভবত ১২ তারিখে করছি এবং প্রায় ১৬০ টা মতো প্লেয়ারের আমরা লিস্ট করেছি। আমাদের ৯/১০ তারিখে ফিটনেস টেস্ট আছে। আর যেটা হলো, স্পন্সরটা এখনও ৯০% ঠিক হয়েছে কিন্তু এখনও কিছু ফরমালিটিজ বাকি আছে, ওইটা হলে আমরা কনফার্ম করব। ২১ বা ২২ তারিখের দিকে ইনশাআল্লাহ টুর্নামেন্ট শুরু করার প্লান আছে আমাদের।’

ক্রিকেটারদের চারটি গ্রেডে ভাগ করা হবে। আইকন থাকবেন পাঁচজন। সর্বোচ্চ পারিশ্রমিক হবে ১৫ লাখ। আকরাম খান বলেন, ‘এ, বি , সি, ডি চারটা গ্রেড করে আমরা প্লেয়ার দিচ্ছি। যেখানে সব প্লেয়াররা থাকবে। প্রাইসটা এখনও ওইরকম হয় নাই, হয়তো ১৫ (লাখ) থেকে কম বেশি হবে যারা এ গ্রেডে আছে। যারা নিম্ন আছে তারা পাঁচ বা চারে। আইকন প্রথম চারটা পাঁচটা প্লেয়ার থাকবে।’

এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ফেরা সাকিবের ফিটনেস নিয়ে চিন্তিত না বিসিবি। আকরাম খান জানিয়েছেন, ফিটনেস টেস্টে অংশ নিবেন না মাশরাফি।