আক্রান্ত হ্যাজার্ড-ক্যাসেমিরো

রিয়ালে করোনার থাবা

স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদ ও এডেন হ্যাজার্ড নিজেদেরকে কিছুটা দুর্ভাগা ভাবতেই পারে। নাহয় ফর্মে ফেরার ইঙ্গিত দেয়ার পরের সপ্তাহেই কেনো করোনাক্রান্ত হবেন তিনি! বেলজিয়ান ফরোয়ার্ড একাই নন। আক্রান্ত হয়েছেন দলটির মিডফিল্ডার ক্যাসেমিরোও।

গতকাল শনিবার ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে দুজনের করোনাক্রান্ত হওয়ার ব্যাপারটি জানানো হয়। সেখানে বলা হয়, ‘রিয়াল মাদ্রিদ জানাচ্ছে, শুক্রবার সকালে হওয়া করোনা পরীক্ষায় আমাদের খেলোয়াড় ক্যাসেমিরো ও হ্যাজার্ডের ফলাফল পজেটিভ এসেছে। অন্য সব খেলোয়াড়, মূল দলের কোচিং স্টাফ ও ক্লাবের কর্মকর্তা-কর্মচারী যারা মূল দলের সঙ্গে সরাসরি কাজ করেন, তাদের ফলাফল নেগেটিভ এসেছে। এটা নিশ্চিত করা যাচ্ছে যে, আজ সকালে করা অ্যান্টিজেন টেস্টে ক্যাসেমিরো ও হ্যাজার্ড ছাড়া বাকি সবার ফলাফল নেগেটিভ এসেছে।’

এর আগে গত সপ্তাহে ডিফেন্ডার এডার মিলিতাওয়ের শরীরে করোনার উপস্থিতি ধরা পরে। গতকালের ফলাফলের পর রিয়ালে করোনা পজেটিভ খেলোয়াড়ের সংখ্যা দাঁড়ালো ৩-এ। এদের সবাইকে ব্যক্তিগত কোয়ারেন্টাইন মেনে চলার নির্দেশনা দিয়েছেন ক্লাবের চিকিত্সকরা।

এদিকে চোটের কারণে দানি কারভাহাল, নাচো ফের্নান্দেজ ও আলভারো অদ্রিওজোলাকে পাচ্ছে না সপ্যানিশ ক্লাবটি। এরই মধ্যে আজ রবিবার রাতে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার আতিথ্য নেবে। লিগের শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদ থেকে এক ম্যাচ কম খেলে ৭ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে কোচ জিনেদিন জিদানের শিষ্যরা।