ইউরোপে করোনার দ্বিতীয় স্রোত বেশ ভালোভাবেই আঘাত হানছে। তারই কবলে পড়েছেন ইতালি জাতীয় ফুটবল দলের কোচ রবের্তো মানচিনি। তবে ইতালিয়ান ফুটবল ফেডারেশন জানাচ্ছে, কোভিড-১৯ পজিটিভ হলেও, ৫৫ বছর বয়সী মানচিনির শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি। তবে সতর্কতা মেনে রোমে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন তিনি। আসছে আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে তাই তাকে ছাড়াই খেলতে হবে ইতালিকে। আগামী মঙ্গলবার রাতে এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শুরু হবে যা। এরপর উয়েফা নেশন্স লিগে আগামী ১৫ নভেম্বর নিজেদের মাঠে পোল্যান্ডের বিপক্ষে খেলবে আজ্জুরিরা। তিন দিন পর বসনিয়ার আতিথ্য নেবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।