কাজীপুরে পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে মো. নাসিমের স্মরণসভা

সিরাজগঞ্জ প্রতিনিধি

পূজা উদ্যাপন পরিষদ কাজীপুর উপজেলা শাখার আয়োজনে শনিবার দুপুরে মরহুম সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের স্মরণে এক স্মরণসভা করেছে। কাজীপুরের সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে আয়োজিত এই স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের উপদেষ্টা ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ কুমার রায়। প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ নাসিমের পুত্র, ১২ নভেম্বর অনুষ্ঠেয় উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী তানভির শাকিল জয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিন্দু কল্যাণ ট্রাস্ট বোর্ড এর সদস্য অসীম কুমার সরকার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল, গোলাম আশরাফ তালুকদার। বক্তারা বলেন, ‘মোহাম্মদ নাসিম ছিলেন সকল ধর্মমতের মানুষের একটি আস্থার জায়গা। যে কোনো প্রয়োজনে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এ সময় বক্তাগণ নাসিমের আসনে আসন্ন নির্বাচনে তানভির শাকিল জয়কে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, পিতার অসমাপ্ত কাজগুলো শেষ করতে এবং উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আপনারা জয়কে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।

পূজা উদ্যাপন পরিষদ কাজীপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিকের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পবিত্র কুমার সাহা সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, সাবেক সম্পাদক আবু জাফর মণ্ডল, সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইউনুস উদ্দিন।