ইত্তেফাক ডেস্ক
গাজীপুরের বাসন ও শ্রীপুর থেকে প্রায় সাড়ে ৭ লাখ টাকার জাল নোটসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর সিটি করপোরেশনের বাসন মোগরখাল এলাকা থেকে ৪ লাখ ৮৪ হাজার টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলো—পটুয়াখালির গলাচিপা থানার রতনদি এলাকার মুদি দোকানি শফিকুল ইসলাম (৩২) এবং ভোলার দক্ষিণ আইচা থানার চরমাইনকা এলাকার কাঁচামাল বিক্রেতা হাবিবুর রহমান (৪০) উরফে হাবিবুল্লাহ। তারা গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার মোগরখাল এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানান, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন বাসন থানার মোগরখাল এলাকার জনৈক বশির উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ভাড়াটিয়া শফিকুল ইসলামের ভাড়াকৃত কক্ষের তোষকের নিচ থেকে ৪ লাখ ৮৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরবর্তীতে শফিকুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোগরা বাইপাস এলাকার জনৈক সাখাওয়াতের বাড়ির ভাড়াটিয়া হাবিবুর রহমান উরফে হাবিবুল্লাকে আটক করা হয়। বাসন থানার এসআই মো. মাসুম হোসেন খান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা জানান, গাজীপুরের শ্রীপুরে আড়াই লাখ টাকার জাল নোটসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার আনসার রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো—টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার দেউলী গ্রামের মহিউদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২৫) ও তার স্ত্রী নিলুফা বেগম (২৩)। তারা শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকার মুখলেছ সরকারের বাড়িতে ভাড়া থাকত।
শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুখলেছ সরকারের বাড়িতে জাল টাকার ব্যবসা করার কথা জানা গেলে ঐ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির একটি কক্ষ থেকে ২ লাখ ৫০ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার এবং এর সঙ্গে জড়িত থাকায় জসিম ও তার স্ত্রীকে আটক করা হয়।
শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরেই এ ব্যবসা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যাসহ মাদক মামলা রয়েছে। এ চক্রের বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।