নোয়াখালীতে নির্যাতিতা সেই নারীর চিকিত্সার দায়িত্ব নিলেন পৌর মেয়র

নোয়াখালী প্রতিনিধি

সাবেক স্বামীর দ্বারা নির্যাতিত সেই স্বাস্থ্যকর্মীর চিকিত্সার দায়িত্ব নিয়েছেন নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্লাহ খান। গত বুধবার কর্মস্থল থেকে ফেরার পথে জেলা শহর মাইজদীর রাস্তা থেকে ঐ স্বাস্থ্যকর্মীকে (১৯) তার সাবেক স্বামী ইসমাইল হোসেন বাপ্পী এবং তার নেশাগ্রস্ত তিন বন্ধু মিলে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। কিন্তু তাতে ব্যর্থ হয়ে রাতভর নির্মম নির্যাতন চালায়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। আর্থিক দৈন্যতার কারণে নির্যাতিতা ঐ নারী হাসপাতালে চিকিত্সা নিতে পারছেন না। এটি জানতে পেরে গতকাল শনিবার দুপুরে নোয়াখালী পৌর সভার মেয়র শহিদ উল্লাহ খাঁন তাকে দেখতে তার চাচার বাড়িতে যান। এ সময় মেয়র ঐ নারীকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং তার চিকিত্সার সব দায়িত্ব গ্রহণ করেন। পরে বিকালে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন মেয়র।