‘জাতীয় সত্য উদ্ঘাটন’ চান ইনু

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে এখন সবাই খুব সুস্পষ্টভাবে বলছেন, কারা বঙ্গবন্ধুকে ও জাতীয় চার নেতাকে হত্যা করেছে; কারা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকারীদের নিরাপদে দেশত্যাগের ব্যবস্থা করে দিয়েছে। ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা, ৩ নভেম্বর জাতীয় চার নেতা হত্যা, ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থান দমন, খালেদ মোশাররফ হত্যা, জিয়ার শাসনামলে কর্নেল তাহেরকে সাজানো মিথ্যা মামলায় বিচারের নামে প্রহসনের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা,  সেনানিবাসগুলোতে শত শত অফিসার-সৈনিক হত্যার ঘটনার               তদন্ত করে সত্য উদ্ঘাটনে একটি ‘জাতীয় সত্য উদ্ঘাটন কমিশন’ গঠনের আহ্বান জানান তিনি।

৭ নভেম্বর উপলক্ষ্যে গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ইনু বলেন, দেরিতে হলেও ধামাচাপা দেওয়া সত্য আজ প্রকাশিত। তিনি বলেন, ৭ নভেম্বর ঐতিহাসিক ঘটনায় মহানায়ক কর্নেল তাহের, বিশ্বাসঘাতক ও খলনায়ক জিয়া।

জাসদ সভাপতি বলেন, মুক্তিযুদ্ধের পথে দেশকে ফেরানোর সংগ্রামের সঙ্গে পাকিস্তানপন্থার রাজনীতিকে পরাজিত করা এবং সুশাসন-আইনের শাসন-সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ওতপ্রোতভাবে যুক্ত। জঙ্গিবাদ-উগ্রবাদ-সাম্প্রদায়িকতার বিপদকে খাটো করে দেখে আড়ালে রেখে বিদ্যমান অর্থনৈতিক ও সামাজিক সংকটকে আলাদাভাবে মোকাবিলা করার রাজনৈতিক কৌশল আত্মঘাতী ও ভ্রান্ত।

আলোচনাসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, স্থায়ী কমিটির সদস্য ও কর্নেল তাহেরের অনুজ অধ্যাপক ড. আনোয়ার হোসেন প্রমুখ। আলোচনাসভার আগে কর্নেল আবু তাহের বীর-উত্তমের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়।