ভারতে বিশ্বব্যাংকের নামে ভুয়া ক্রেডিট কার্ড নিয়ে সতর্কতা

ভারতে বিশ্বব্যাংকের নামে ডেবিট বা ক্রেডিট কার্ড বিষয়ে সতর্কবার্তা দিয়েছে উন্নয়ন সংস্থাটি। শুক্রবার নয়দিল্লি থেকে এক বিবৃতিতে বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বব্যাংক কোনো ডেবিট বা ক্রেডিট কার্ড ইস্যু করে না। বিশ্বব্যাংকের কোনো অঙ্গপ্রতিষ্ঠানও এ ধরনের কার্ড ইস্যু করে না। যারা বিশ্বব্যাংকের নামে এ ধরনের কার্ড ইস্যু করে, তাদের সঙ্গেও সংস্থাটির কোনো সম্পর্ক নেই। অনলাইন লেনদেনে বিশ্বব্যাংকের লোগো বা নাম ব্যবহার করে জালিয়াত চক্র ডেবিট বা ক্রেডিট কার্ড বিক্রি করে অর্থ হাতিয়ে নিচ্ছে এমন বিষয়ে দৃষ্টি আকর্ষিত হওয়ায় সংস্থাটির পক্ষ থেকে বিবৃতি দিয়ে এ তথ্য উল্লেখ করেছে। উল্লেখ্য, ভারতীয় গণমাধ্যমেও অনলাইনে ভুয়া লেনদেনের বিষয়ে            বিশ্বব্যাংকের সতর্কবার্তার বিষয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে। অনলাইন কেনাকাটায় ডেবিট বা ক্রেডিট কার্ডের পাশাপাশি ভার্চুয়াল মুদ্রার লেনদেন হয়ে থাকে। এসব লেনদেনে অনেক জালিয়াত চক্র সক্রিয় থাকে। বিশ্বব্যাংকের নাম বা লোগো ব্যবহার করে ভুয়া ডেবিট বা ক্রেডিট কার্ডে লেনদেনে বিরত থাকার জন্য সাধারণের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বব্যাংক।