স্টাফ রিপোর্টার, বগুড়া
নব্য জেএমবির মিডিয়া শাখার প্রধানসহ চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত দেড়টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন—জাকারিয়া জামিল (৩১), মো. তানভীর আহম্মেদ ওরফে আবু ইব্রাহিম (২৫), মো. আতিকুর রহমান (২৮) ও মো. আবু সাঈদ (৩২)।
পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (জিআইজি) মো. আব্দুল বাতেন গতকাল শনিবার বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এ সময় বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে আব্দুল বাতেন বলেন, ঐ চার জঙ্গি তাদের পরবর্তী সাংগঠনিক তত্পরতা নির্ধারণে সমবেত হয়েছিল। গোপনে খবর পেয়ে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, এক কেজি বিস্ফোরক দ্রব্য (পটশিয়াম ক্লোরেট), দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, দুটি কার্তুজ, তিনটি বার্মিজ চাকু, একটি চাপাতি ও চারটি ব্যাটারিসহ বেশ কিছু তার উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নব্য জেএমবির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। উদ্ধার করা বিস্ফোরক দিয়ে ৫০টি বোমা তৈরি করা সম্ভব।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে জাকারিয়া জামিল নব্য জেএমবির মিডিয়া শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। টাঙ্গাইলের ভুয়াপুর থানার জগতপোড়া এলাকার খন্দকার গোলাম সারোয়ারের ছেলে জামিল ঢাকার শেরেবাংলানগরের পশ্চিম রাজাবাজারে বসবাস করত। সে অনলাইনে আরবিতে প্রকাশিত জঙ্গিবাদ সংক্রান্ত সব প্রকাশনা বাংলায় অনুবাদ করে প্রচার করত। তার বিরুদ্ধে ঢাকার আশুলিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। গ্রেফতারকৃত তানভীর আহম্মেদ ওরফে আবু ইব্রাহিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের ছাত্র। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার তরশ্রীরামপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তানভীর নব্য জেএমবির আইটি শাখার সদস্য ছিল। সে ঢাকার খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় বসবাস করত। এ বছরের জানুয়ারি মাসে ঢাকার আশুলিয়া এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে ড্রোন তৈরির সামগ্রীসহ তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল। তখন সে পালিয়ে গিয়েছিল। অপর দুই জঙ্গির মধ্যে ময়মনসিংহ জেলার চকশ্যামরামপুর গ্রামের আবদুর রহমানের ছেলে মো. আতিকুর রহমান নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্র। নব্য জেএমবির নতুন এই সদস্য অর্থ সংগ্রহের দায়িত্ব পালন করত। একই এলাকার আবদুল হাকিমের ছেল আবু সাঈদও সংগঠনের নতুন সদস্য। সে যুদ্ধ করার জন্য মধ্যপ্রাচ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।