যুক্তরাষ্ট্রের শহরে শহরে বাইডেন সমর্থকদের উল্লাস

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে উল্লাসে মেতেছে সমর্থকরা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন গণমাধ্যমে জো বাইডেনের বিজয়ের খবর প্রচারের সঙ্গে সঙ্গে রাস্তায় মানুষের ঢল নামে। জো বাইডেনের নিজ রাজ্য ডেলাওয়ার, নিউইয়র্ক, লস এঞ্জেলস, ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়াসহ গুরুত্বপূর্ণ রাজ্যের বিভিন্ন শহরে বিজয় উদযাপন করতে শুরু করেন সমর্থকরা।

ডেলাওয়ারের উইলমিংটনে বাইডেন-হ্যারিস লেখা ক্যাম্পেইন সাইন বসিয়ে তৈরি করা মঞ্চ থেকে ডেমোক্র্যাট প্রচারশিবিরের লোকজনও উদযাপন শুরু করেন। রাজধানী ওয়াশিংটন ডিসিতে ছোট একটি পিকআপকে বাইডেন-হ্যারিস ক্যাম্পেইন সাইনে সাজিয়ে শতাধিক বাইডেন সমর্থক রওনা হন হোয়াইট হাউজের দিকে। আর ট্রাকের পেছনে নেচে-গেয়ে জয় উদযাপন করতে দেখা গেছে অনেককে। বিজয়ের ঘোষণা আসার পরপর নিউইয়র্কের টাইমস স্কয়ার, গ্রান্ড আর্মি প্লাজা, কলম্বাস সার্কেল, ওয়াশিংটন স্কয়ার পার্কে তার সমর্থকরা জড়ো হয়ে উল্লাস করতে শুরু করেন। এসব আনন্দমিছিল থেকে জো বাইডেনের সমর্থনে স্লোগানের পাশাপাশি ছিলো ট্রাম্প বিরোধী স্লোগানও। দলবেঁধে উল্লাস করার পাশাপাশি বহু মানুষকে রাস্তায় নেমে নিজের মোবাইল ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমের লাইভে বাইডেনের বিজয় উদযাপনের দৃশ্য ধারণ করতে দেখা গেছে। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ফেসবুক এবং টুইটারের মাধ্যমে বিজয়ী প্রেসিডেন্টকে অভিনন্দন জানান।

মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর শুরু হয় ভোট গণনা। ফলাফল আসতে শুরুর পর থেকেই বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে এগিয়ে ছিলেন জো বাইডেন। যদিও কয়েকটি রাজ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি ভোটযুদ্ধের কারণে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষার প্রহর বাড়তে থাকে ডেমোক্র্যাটদের। প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোটের দ্বারপ্রান্তে ২৬৪ ইলেকটোরাল ভোট নিশ্চিত করেও জো বাইডেনের সমর্থকরা ছিলেন শান্ত। কিন্তু গতকাল পেনসিলভেনিয়ায় জয় নিশ্চিতের সঙ্গে সঙ্গে ২৭৩ ইলেকটোরাল ভোট নিয়ে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নাম লেখান জো বাইডেন; আর এই বিজয় উদযাপনে নেমে পড়েন হাজার হাজার মার্কিন জনগণ।