যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রচার শিবির থেকে একের পর এক ভোট জালিয়াতির অভিযোগের জবাব দিয়েছে মার্কিন নির্বাচন কমিশন। দেশটির চলমান নির্বাচনে ভোট জালিয়াতির কোনো প্রমাণ নেই বলে জানায় কমিশন।
মার্কিন ফেডারেল নির্বাচন কমিশনের কর্মকর্তা এলেন উইনট্রব মার্কিন জনগণের উদ্দেশ্যে বলেন, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো ধরনের ভোট জালিয়াতির প্রমাণ তাদের কাছে নেই।
শনিবার সকালে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে তিনি বলেন, দেশজুড়ে সাধারণ মানুষ, নিরপেক্ষ নির্বাচন বিশেষজ্ঞ পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন। তারা দেখছেন নির্বাচন কীভাবে হয়েছে। তারা কেউ নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলেননি।
তিনি বলেন, অবৈধ ভোট নেওয়া, ভোট জালিয়াতিসহ এমন যেসব অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন। এসবের কোনো প্রমাণ নেই তাদের কাছে।
আরও পড়ুন: অবশেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
এদিকে নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোট গণনায় 'জালিয়াতির' যে অভিযোগ তুলেছেন সেটি নিয়ে তার দল রিপাবলিকান পার্টিতে চরম মতভেদ দেখা দিয়েছে।
মার্কিন নির্বাচনে এবারে পেনসিলভানিয়া ও জর্জিয়ায় ট্রাম্প এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে নাটকীয়ভাবে এগিয়ে যান বাইডেন। এতে করেই বাইডেনের জয়ের পথ স্পষ্ট হতে থাকে। শেষ পর্যন্ত পেনসিলভানিয়া ও জর্জিয়ার জয়ে মোট ২৯০ ইলেকটোরাল ভোট অর্জন করেন বাইডেন। এতে জো বাইডেন হচ্ছেন ৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট।
ইত্তেফাক/আরআই