জাককানইবির হলের সিট ভাড়া মওকুফসহ ছাত্রলীগের ৩ দাবি

করোনাকালীন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হলের সিট ভাড়া ও চলমান সেমিস্টার ফি মওকুফ এবং স্বাস্থ্যবিধি মেনে স্নাতক ও স্নাতকোত্তর শেষ বর্ষের পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে ছাত্রলীগ। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের কাছে এ তিন দাবিতে স্মারকলিপি তুলে দেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বৈশ্বিক মহামারী করোনার কারণে দীর্ঘ ছুটিতে অনেক শিক্ষার্থী আর্থিকভাবে, চিকিৎসাজনিত ও অনলাইন ক্লাস সংক্রান্ত সমস্যায় দিনা পার করছে। এ সময়ে পাঠ কার্যক্রম পরিচালনা সম্ভবপর না হওয়ায় এবছর হলের সিট ভাড়া ও চলমান সেমিস্টার ফি গ্রহণ কোনভাবেই যৌক্তিক নয়। 

এতে আরও বলা হয়, করোনার কারণে প্রতিটি বিভাগের স্নাতক (শেষ বর্ষ ২য় সেমিস্টার) ও স্নাতকোত্তর (২য় সেমিস্টার) পর্যায়ের নির্ধারিত সিলেবাস সম্পন্ন হলেও চূড়ান্ত পরীক্ষা স্থগিত হয়ে আছে। এ অবস্থায় চলতি শিক্ষাবর্ষে উন্নয়ন ফি সম্পূর্ণ প্রত্যাহার, আবাসিক হলের সিট ভাড়া মওকুফ এবং  স্বাস্থ্যবিধি মেনে স্নাতক ও স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষাগুলো নেয়ার দাবি জানানো হয়।

ইত্তেফাক/বিএএফ