জিতেও অস্বস্তিতে বায়ার্ন-পিএসজি

  স্পোর্টস ডেস্ক

বায়ার্ন মিউনিখ বুন্ডেসলিগার অন্যতম আকর্ষণীয় সূচি ‘ডার ক্লাসিকার’—এ বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে ৩-২ ব্যবধানে। তবে এরপরও দলে ভর করেছে কিছুটা অস্বস্তি, রাইটব্যাক জশুয়া কিমিখকে যে চোটের কারণে তিন মাসের জন্যে হারিয়েছে ব্যাভারিয়ানরা! পিএসজিও রেনেকে ৩-০ ব্যবধানে হারানোর দিনে নিজেরা হারিয়েছে তিন খেলোয়াড়কে।

বরুসিয়ার মাঠে বায়ার্ন ৪৫ মিনিটে মার্কো রয়েসের লক্ষ্যভেদে পিছিয়ে পড়েও ডেভিড আলাবা, লেরয় সানে ও রবার্ট লেভান্ডভস্কির গোলে ম্যাচটা স্বাগতিকদের ধরাছোঁয়ারই বাইরে নিয়ে যায় বায়ার্ন। অন্তিম সময়ে আর্লিং হালান্ডের গোলে ব্যবধান কমালেও সমতা আর ফেরাতে পারেনি বরুসিয়া।

৩-২ ব্যবধানে জয়ের দিনেও কোচ ফ্লিকের কপালে দুশ্চিন্তা ভাঁজ ফেলেছে কিমিখের চোট। তবে সে দুশ্চিন্তা নিশ্চয়ই পিএসজি কোচ থমাস টুখেলের চেয়ে বড় নয়। চোটের কারণে যে একাদশ নামানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে তার! রেনের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের দিনে ময়জে কিন, ইদ্রিসা গুয়ে, থিলো কেহরারকে হারিয়েছে দলটি। নেইমার, এমবাপে, ইকার্দি, সারাবিয়া, কিমপেম্বে, মার্কো ভেরাত্তি, জুলিয়ান ড্র্যাক্সলার, বের্নাত তো ছিলেনই। রেনের বিপক্ষে চোটগ্রস্ত তিন জনকে নিয়ে চোটের মিছিলটা আরো বড়ই হলো বটে।