খুলনায় মাস্ক পরিধানে ফের কঠোর অবস্থানে প্রশাসন

আজ থেকে মাঠে থাকছে মোবাইল কোর্ট

খুলনা অফিস

করোনা ভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবিলায় খুলনায় বাধ্যতামূলক মাস্ক পরিধানে ফের কঠোর অবস্থান গ্রহণ করেছে জেলা প্রশাসন। আজ সোমবার থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান পরিচালনায় মাঠে নামছে স্থানীয় প্রশাসন। রবিবার খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনলাইন জুম প্রযুক্তিতে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের সভায় এ সিদ্ধান্ত  গ্রহণ করা হয়।

সভায় জানানো হয়, করোনা ভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবিলায় জেলাব্যাপী জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রচার চলবে। একই সঙ্গে সব উপজেলায় অক্সিজেন ব্যাংক ও হাই-ফ্লো-ন্যাজাল ক্যানুলা স্থাপন নিশ্চিত করা হবে। এছাড়া অহেতুক গণজমায়েত পরিহার ও গণপরিবহনে মাস্ক ছাড়া যাত্রী না তুলতে সংশ্লিষ্টদের পুনরায় নির্দেশনা দেওয়া হবে। করোনাকালে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে মহিলাবিষয়ক অধিদপ্তরের জেলা-উপজেলা কার্যালয়গুলো সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করবে। অপর দিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বা আন্তঃদলীয় কোন্দলের ফলে আইনশৃঙ্খলার অনাকাঙ্ক্ষিত অবনতি রোধে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকবে। সভায় খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম শাকিলুজ্জামান, উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ সরকারি কর্মকর্তা ও কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। সভার শুরুতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী গত মাসের খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন।