মনিরামপুর (যশোর) সংবাদদাতা
মনিরামপুরে শনিবার রাতে ছুরিকাঘাত করে এক ব্যবসায়ীর ৩০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ব্যবসায়ীর নাম নারায়ণ দাস (৬৫)। ঘটনাটি ঘটেছে মনিরামপুর পৌর শহরের তাহেরপুর গ্রামে। নারায়ণ চন্দ্র দাসের ছেলে সন্জয় দাস জানান, বাবা আমাদের মুড়ি ও তেলের দোকান থেকে টাকা নিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার গতিরোধ ও ছুরিকাঘাত করে ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তার বুক ও হাতে মারাত্মক জখম হয়েছে বলে মনিরামপুর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন। মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।