বরিশাল অফিস
বরিশালের কীর্তনখোলা নদীর ভাঙনের কবল থেকে রক্ষার দাবি জানিয়েছে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছরি গ্রামের বাসিন্দারা। রবিবার সকালে লামছরি গ্রামবাসী এবং বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি চরবাড়িয়া শাখার উদ্যোগে লামছরির কীর্তনখোলা নদীর তীরে মানববন্ধনে এ দাবি জানানো হয়। চারণ দার্শনিক আরজ আলী মাতুব্বরের দৌহিত্র (নাতি) ও চরবাড়িয়া ইউনিয়ন ক্ষেত মজুর সমিতির সভাপতি শামীম আলী মাতুব্বরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, জেলা ক্ষেত মজুর সমিতির সভাপতি অধ্যাপক জলিলুর রহমান, সাধারণ সম্পাদক শাহ আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক বিরেন রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক নৃপেন্দ নাথ বাড়ৈ এবং কেন্দ্রীয় কমিটি সদস্য উপাধ্যক্ষ হারুনুর রশিদ প্রমুখ। দক্ষিণ লামছরি গ্রামের দার্শনিক আরজ মঞ্জিল পাবলিক লাইব্রেরি, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মসজিদসহ সহায়-সম্পদ রক্ষার জন্য প্রধানমন্ত্রী এবং পানিসম্পদ প্রতিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন বক্তারা।