ডিজিটাইজেশনের যুগে এখনো প্রযুক্তির ছোঁয়া যেখানে কল্পনাতীত—বলছি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার গাংগাইল ইউনিয়নের বনুড়া, মহাদেবপুর গ্রামের কথা। যেখানে প্রায় ৮০০০ মানুষের বসবাস। পরিতাপের বিষয় হলো, সেখানে মোবাইলফোনের নেটওয়ার্কের অবস্থা একেবারে জঘন্য। যেখানে ৫জি আসার গবেষণা চলছে সেখানে আমরা ২জি সুবিধাও পাচ্ছি না। আমাদের ফোনে কথা বলতে হয় ঘরের বাইরে এসে, খোলা জায়গায়। আর ঘরের ভেতর নেটওয়ার্কের সিগনাল পাওয়াই দুষ্কর। আর ইন্টারনেট ব্যবহার করতে হলে খোলা মাঠে এসে তারপর ব্যবহার করতে হয়। আমাদের পাশের গ্রামগুলোতে খোঁজ নিয়ে জেনেছি একই অবস্থা। আমাদের নেটওয়ার্ক সমস্যা সমাধানের নিমিত্ত নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।
মাসুদুর রহমান
মহাদেবপুর, নান্দাইল, ময়মনসিংহ