বাংলাদেশ ব্যাংকে ট্যাক্স বিবরণী প্রদানে ভোগান্তি

ইনকাম ট্যাক্স রিটার্ন তৈরির জন্য সঞ্চয়পত্র ক্রেতারা বাংলাদেশ ব্যাংকে ট্যাক্স বিবরণী আনতে নিদারুণ ভোগান্তি পোহাচ্ছেন। কাউন্টারে ট্যাক্স বিবরণীর আবেদনপত্র নিয়ে সাতদিন পর আসার জন্য বলা হয়। কিন্তু সাত দিন কেন, ১০-১৫ দিন পরে গেলেও বলা হয় বিবরণী আসেনি, কয়েক দিন পর আসেন। এই হয়রানি কেন? সাধারণত বৃদ্ধ ও নারীরাই সঞ্চয়পত্র কিনে থাকেন। তাঁদের প্রতি এই অমানবিক আচরণ কেন? সময়মতো দিতে না পারলে তারিখ দিয়ে হয়রানি করা কেন? কাউন্টার কর্মচারীরা গ্রাহকের সঙ্গে ঠিকভাবে কথাও বলেন না। সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনের প্রত্যয় ঘোষণা করেছে, কিন্তু এক শ্রেণির কর্মচারীর আচরণ সরকারের সে প্রত্যাশা পূরণে অন্তরায়। এই হয়রানি বন্ধ করে নির্ধারিত তারিখে ট্যাক্স বিবরণী দেওয়া হোক। যেহেতু এখন ইএফটির মাধ্যমে সঞ্চয়পত্রের মুনাফা পরিশোধ করা হয়, তাই অর্থ বছর শেষে গ্রাহকের ইমেইলে উেস কর্তনকৃত ট্যাক্সের বিবরণী প্রেরণের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ করছি।

মো. আলী হায়দার

ঢাকা