গাইবান্ধা সদর ফুলছড়ি, সাঘাটা সুন্দরগঞ্জ থেকে বলাশী ঘাট হয়ে যেতে হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো—এ ঘাট থেকে জামালপুর যেতে ইঞ্জিনচালিত নৌকায় ভাড়া লাগে ২০০ টাকা। সপ্তাহ দুয়েক আগেও এই ভাড়া ছিল ১২০ টাকা। বেশি ভাড়ার বিষয়ে বললে ঘাট কর্মচারীরা যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এসব নৌকায় গাদাগাদি করে ইচ্ছেমতো লোকজন ও মালপত্র পারাপার করা হয়। নৌকায় নেই কোনো লাইফ জ্যাকেট। মাঝ নদীতে নৌকাডুবিতে ঘটতে পারে বড় দুর্ঘটনা। বালাশী ঘাটে নির্দিষ্ট ঘাট থাকলেও বাহাদুরাবাদ ঘাটে নৌকা যেখানে সেখানে নামানো হয়। ফলে শিশু, বৃদ্ধ ও নারীদের অসুবিধা চরমে ওঠে। এ ব্যাপারে যথাযথ করণীয়র জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ওবাইদুর সাঈদ
শিক্ষার্থী, ঢাকা কলেজ