নারায়ণগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনে ব্যবসা

হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ

নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের দেওভোগ এলাকায় হাকিম মার্কেট নামে ঝুঁকিপূর্ণ ভবনের নিচতলায় প্রায় ৮০টি দোকানে জীবনের ঝুঁকি নিয়েই এখনো চলছে বেচাকেনা। ভবনটি এতটাই ঝুঁকিপূর্ণ যে, ইতিমধ্যে ভবনটির ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম তলার ভাড়াটিয়াদের অন্যত্র সরানো হয়েছে।

এ বিষয়ে ইতিপূর্বে ভবনের মালিকপক্ষ ও মার্কেট কমিটি গত কোরবানির ঈদের পরে ভবনটি ভেঙে ফেলার কথা বললেও এখনো জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন দোকানিরা। এর আগে, ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে এটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স। স্থানীয়দের মতে, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা রয়েছে ভবনটিতে।

সরেজমিন দেখা গেছে, ভবনের নিচ তলার ছাদ ভেঙে যাওয়ার কারণে ছাদের স্থলে টিন দেওয়া হয়েছে। ভবনের ভেতরে-বাইরে শ্যাওলা জমে স্যাঁতস্যাঁতে পরিবেশ এবং ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ছে। বিদ্যুতের তারগুলো ছড়িয়ে-ছিটিয়ে আছে। ভবনটি ঝুঁকিপূর্ণ ও ব্যবহারের অনুপযোগী হওয়ায় গত প্রায় বছরখানেক আগে থেকেই ওপর তলার ভাড়াটিয়াদেরকে অন্যত্র সরানো হয়। ফলে ওপর তলাগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

মার্কেটটির দোকান মালিক সমিতির সভাপতির দায়িত্বে থাকা নিলু মিয়া জানান, আমরা ইতিমধ্যেই মালিকপক্ষের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছি। দোকান মালিকদের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই একটি আহ্বায়ক কমিটি করেছি।

মালিকপক্ষ থেকে জানানো হয়, উত্তরাধিকার সূত্রে মালিক সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে ভবনটি সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছতে।