মানিকগঞ্জে চুরির টাকাসহ গ্রেফতার ২

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে হাতিল ফার্নিচারে চুরির ঘটনায় নগদ টাকা ও চুরির কাজে ব্যবহূত সরঞ্জামসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সদর থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলো,  মাসুদ সরকার (২০) আল-আমিন (১৯)। ভাস্কর সাহা জানান, শনিবার গভীর রাতে শিবালয় উপজেলার উলাইল গ্রাম থেকে তাদের দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে গ্রেফতারকৃতরা মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার হাতিল ফার্নিচারের বাথরুমের ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করে। পরে তারা ক্যাশ কাউন্টারে থাকা ৫ লাখ ২৯ হাজার ৬৭০ টাকা চুরি করে পালিয়ে যায়। এঘটনায় শনিবার থানায় শোরুমের মালিক মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মাসুদ ও আল-আমিনকে গ্রেফতার করে।