স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
জেলার বন্দরে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে প্রকৌশলীসহ পাঁচ জন অগ্নিদগ্ধ হয়েছেন। ঘটনাটি নিশ্চিত করেছেন বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের অ্যাডমিন গোলাম মোর্তুজা। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় বন্দর থানার ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—প্রকৌশলী সাইফুজ্জামান সোহাগ, মেকানিক হেলপার মাসুদ রানা খান, ফায়ারম্যান আবুল কালাম আজাদ, রাহাতুল আরেফিন, দেওয়ান আলী। বসুন্ধরা কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করেছে। এর মধ্যে প্রকৌশলী সোহাগ ও ফায়ারম্যান আবুল কালাম আজাদ বার্ন ইনস্টিটিউটে ভর্তি হলেও অন্য তিন জনকে প্রাথমিক চিকিত্সা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ, র্যাব-১১ ও সিআইডি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে বসুন্ধরা অ্যাডমিন গোলাম মোর্তুজা বলেন, ‘সিমেন্ট কারখানার চুল্লির পাশে কয়লা রাখার পাত্রটি বছরে দুই থেকে তিনবার পরিষ্কার করা হয়। আজ (রবিবার) পরিষ্কার করতে গিয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনার সংবাদ পেয়ে আমাদের প্রতিষ্ঠানের ফায়ার সার্ভিসের কর্মীরা ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বন্দর ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে।’ নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘বসুন্ধরা সিমেন্ট কারখানায় পাঁচ জন দগ্ধ হয়েছেন। এ কারখানায় চুল্লির কয়লাগুলো একটি স্থানে জমা হয়ে তাপ উত্পন্ন করে। সেখানে পরিষ্কারের কাজ করছিল শ্রমিকরা। এ সময় পাঁচ জন দগ্ধ হন।’