আলফাডাঙ্গা সংবাদদাতা
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নে ধুলজুড়ি গ্রামের খালেদ মোশাররফ রঞ্জুসহ ১৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। কিন্তু চাঁদাবাজির মামলার প্রধান আসামি খালেদ মোশাররফ রঞ্জুকে গ্রেফতার না করায় জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন একই ইউনিয়নের পশ্চিম চর নারানদিয়া গ্রামের মো. অহিদুজ্জামান। গত ৭ নভেম্বর বেড়িরহাট বাজারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অহিদুজ্জামান বলেন, ‘বেড়িরহাট বাজারের উত্তর অংশে আমার নিজ জমিতে একটি বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করে একতলা ভবনের কাজ শেষ হওয়ার সময়ে খালিদ মোশাররফ রঞ্জু তার লোকজনসহ আমার কাজে বাধা দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিয়ে কাজ করতে গেলে ভবন ভেঙে গুঁড়িয়ে দেবে এবং আমাকে ও আমার স্ত্রী পাচুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য আছিয়া বেগমকে খুন করে নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেয়।’ খালিদ মোশাররফ রঞ্জু সাবেক উপজেলা চেয়ারম্যানের ভাগনে হওয়ায় চাঁদাবাজি, মাদক, জুয়া, সন্ত্রাসী কর্মকাণ্ড, সালিশ বাণিজ্য, ঘুষ-দুর্নীতির গডফাদার হিসেবে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।