চট্টগ্রাম উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন তৌহিদ সভাপতি, তৈয়ব সম্পাদক নির্বাচিত

চট্টগ্রাম অফিস

উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম জেলা কমিটিতে আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী সভাপতি, ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব সাধারণ সম্পাদক ও বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার এম এ আজিজ স্টেডিয়ামের কনফারেন্স হলে সংগঠনের মতবিনিময় সভা ও কাউন্সিল অধিবেশনে নতুন কমিটি গঠন করা হয়।

চট্টগ্রাম জেলার বিদায়ী সভাপতি ও চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভা ও কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোতালেব, মীরসরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দীন, চন্দনাইশ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মো. সোলাইমান ফারুকী, বাঁশখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আকতার কাজমী, হাটহাজারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম, আনোয়ারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, ফটিকছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা প্রমুখ।