করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে মারা গেছেন আরো ১৮ জন, সেই সঙ্গে ১ হাজার ৪৭৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৯৯ জন, ছাড়া পেয়েছেন ১১৮ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৮৭ হাজার ৩১৭ জন, ছাড়া পেয়েছেন ৭৫ হাজার ১৭৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ১৪২ জন।
গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে নতুন ১ হাজার ৪৭৪ জনকে নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ২০ হাজার ২৩৮ জন। আরো ১৮ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৬৭ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৫৭৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৩৮ হাজার ১৪৫ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৪টি ল্যাবে ১২ হাজার ৭৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৪ লাখ ৪২ হাজার ৬০২টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৫৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ২০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৪৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৪ জন পুরুষ আর নারী ৪ জন।