যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে জয়ী কমলা হ্যারিসকেও অভিনন্দন জানান মির্জা ফখরুল। গতকাল রবিবার বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
অভিনন্দনবার্তায় জো বাইডেনের উদ্দেশে বিএনপি মহাসচিব ফখরুল বলেন, তার এই ঐতিহাসিক বিজয়ে বন্ধুপ্রতিম মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণও আনন্দিত। বিএনপি মহাসচিব আশা প্রকাশ করে বলেন, জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন। একই সঙ্গে বিশ্বে শান্তি, নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় জোরালো অবদান রাখবেন।